সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবসের অনুষ্ঠান। ছবি: আগামীর সময়
দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই ২২ জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, একটি গবেষণায় দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। অথচ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের বহির্বিভাগে গত বছর চিকিৎসা নিতে পেরেছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। বিপুলসংখ্যক শিশু চিকিৎসার আওতার বাইরে রয়েছে।
ড. এম এ মুহিত বলেছেন, পরিবারের সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতার কারণে অনেক শিশু ঘরবন্দি অবস্থায় থাকে। রাষ্ট্র তাদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। এর অংশ হিসেবে ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেঙ্গুর সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
২১ সেপ্টেম্বর ২০২৬
তিনি জানান, সম্প্রতি সরকারি উদ্যোগে রাজধানীর কড়াইল বস্তিতে একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়া হচ্ছে।
প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ বা প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেছেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্যসংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।




