সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে : বিএমইউ উপাচার্য

ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএমইউ উপাচার্য। ছবি: সংগৃহীত
সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ২০২৬: আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) মো. নজরুল ইসলাম বলেন, ‘মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীদের সঠিক সময়ে রোগ নির্ণয় করা সবচাইতে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে রোগীর অবস্থার অবনতি হতে পারে। তাই রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা প্রদান জরুরি।’
সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণ এবং হাসপাতাল পর্যায়ে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম রাশেদ উল ইসলাম।
বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।
এ সেমিনারের সঞ্চালনা করেন বিএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সদস্য ও কার্ডিওলজি বিভাগের হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী। এ সময় ছিলেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকেরা।
সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসক, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।







