বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেডের মাসব্যাপী আয়োজন

সংগৃহীত ছবি
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং আধুনিক হৃদরোগ চিকিৎসাসেবা সহজলভ্য করতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজন করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসের অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের চিকিৎসাসেবার অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক হাসিনা বানু।
মোহাম্মদ ইব্রাহিম টিটন উল্লেখ করেন, দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশের মাটিতেই মানসম্মত হৃদরোগ চিকিৎসা দেওয়া সম্ভব। এতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন ও সংশ্লিষ্ট ব্যয় কমানো সম্ভব হবে।
হাসিনা বানু বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পরবর্তী প্রজন্মকে হৃদরোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে চিকিৎসকদের পাশাপাশি পরিবার ও সমাজকেও ভূমিকা রাখতে হবে।
ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ দেশের স্বাস্থ্যসেবায় ইউনাইটেড গ্রুপের অঙ্গীকার তুলে ধরেন। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এ. কিউ. এম. মোহসেন উল্লেখ করেন, দেশের হৃদরোগ চিকিৎসা খাত গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। উন্নত চিকিৎসাসেবা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হাসপাতালটি কাজ করছে।
৩০ সেপ্টেম্বর ‘জীবন, সেবা ও সুস্থতা উদযাপন’ শীর্ষক আয়োজনে হাসপাতালটিতে হৃদরোগের চিকিৎসা নেওয়া রোগীরা তাঁদের চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তপু বর্মণ। এ সময় রোগীদের চিকিৎসা-পরবর্তী খোঁজখবর ও সেবার ধারাবাহিকতা নিয়েও আলোচনা করা হয়।
মাসব্যাপী কর্মসূচির শুরুতে ১০০ কিলোমিটার হাঁটা কর্মসূচি আয়োজন করা হয়। পাশাপাশি রোগী ও স্বজনদের জন্য হৃদরোগের স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবারে হৃদরোগের ইতিহাস থাকা ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম রাখা হয়েছে।



