হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২৫ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে।




