কর্মোদ্দীপনা বাড়াতে
আগামীর সময়ে ইয়োগা সেশন

সংগৃহীত ছবি
কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কম্পিউটার বা স্ক্রিনের সামনে বসে কাজ করার কারণে অনেকেই মাথাব্যথা, ঘাড়ব্যথা, ঘুম কম হওয়াসহ বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভোগেন। কর্মীদের এই স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং কর্মোদ্দীপনা বাড়াতে আগামীর সময়ের বোর্ডসভায় অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ ইয়োগা (যোগব্যায়াম) সেশন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত পত্রিকাটির কার্যালয়ে এই সেশন সম্পন্ন হয়। ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এভারগ্রিন ইয়োগা স্কুল সেশনটি পরিচালনা করে।
শুরুতে স্বাগত বক্তব্য দেন আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন। বক্তব্য দেন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুস সাত্তার মিয়াজী। এ সময় আরও উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক এহসানুল হক বাবু, উপসম্পাদক মঈন উদ্দিন খান, পরিচালক (প্রশাসন) স. ম. গোলাম কিবরিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেড় ঘণ্টাব্যাপী এ কর্মশালায় যোগাসন, প্রাণায়াম এবং মেডিটেশন বিষয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মীরা অংশ নেন। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীদের প্রাথমিকভাবে কীভাবে মানসিক চাপ (মেন্টাল স্ট্রেস) দূর করা যায় এবং প্রতিদিন ছোট ছোট কিছু ব্যায়ামের মাধ্যমে কীভাবে শরীর ও মনকে সুস্থ রাখা যায়, তা হাতে-কলমে শেখানো হয়। বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে ঘাড়, মাথা ও মেরুদণ্ডের (স্পাইনাল কর্ড) ব্যথা উপশম এবং সঠিক নিয়মে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসকে দীর্ঘদিন কর্মক্ষম ও সুস্থ রাখার নানা কৌশল দেখানো হয়। সেশনটি পরিচালনা করেন এভারগ্রিন ইয়োগা স্কুলের প্রশিক্ষক বাপ্পা সান্তনু ও শ্যামা মাকহিং।




