ডেঙ্গুতে গেল ১১ প্রাণ, হাম কাড়ল ৭

গ্রাফিকস: আগামীর সময়
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭১ জন। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এসব মৃত্যু হয়। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ছয় শিশুর, নিশ্চিত হামে মারা গেছে এক শিশু। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গু কেড়ে নিয়েছে ১৮ জনের প্রাণ।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা বার্তায় জানানো হয়েছে এসব তথ্য।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০০ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়াল ১ লাখ ২৮ হাজার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৫৫ জনের। এর আগে সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে মারা গেছে ১৩ জন। এ ছাড়া, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হওয়া নতুন ২ হাজার ৭১ জনসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম ও উপসর্গে নতুন সাত শিশুর মৃত্যুর পর চলতি বছর ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত্যু হলো ১ হাজার ২৪০ জনের। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জন মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৫৪১ জনের হাম শনাক্ত হলো।



