কমিউনিটি ক্লিনিক হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার
- নতুন প্রকল্প নিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়
- নাম বদলালেও বাতিল হবে না কেন্দ্রগুলো
- ধারণার স্থানে হাসিনার বদলে খালেদা জিয়া
- বাড়বে সেবা থাকবেন ডিপ্লোমা চিকিৎসক

গ্রাফিকস: আগামীর সময়
বদলে যাচ্ছে আওয়ামী আমলের বহুল আলোচিত কমিউনিটি ক্লিনিকের নাম। শুধু নামই নয়, এর সঙ্গে বদলাবে চেহারা ও কার্যপরিধিও। নতুন নাম হতে যাচ্ছে ‘প্রাইমারি হেলথ সেন্টার’ (পিএইচসি)। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণার জায়গায় প্রতিষ্ঠিত হবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত ধারণা। সম্প্রতি পরিকল্পনা কমিশনে স্বাস্থ্য বিভাগের পাঠানো ‘বাংলাদেশের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ’ নামে একটি প্রকল্পে করা হয়েছে পরিবর্তনের এ প্রস্তাব। এ তথ্য নিশ্চিত করেছেন বিষয়টি সম্পর্কে অবগত কয়েক কর্মকর্তা-কর্মচারী।
গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ‘হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং থ্রো এমএনসিএইচ সার্ভিস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এনসিডিএস কন্ট্রোল’ নামে একটি প্রকল্পের অনুমোদন বিষয়ে আলোচনা করতে গিয়ে এ প্রস্তাব দেন তিনি। এ ছাড়া ওই আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান কমিউনিটি ক্লিনিক বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
একনেকে অংশ নেওয়া কয়েকজন জানিয়েছেন, কমিউনিটি ক্লিনিকের নাম বদলানোর পক্ষে মত দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, ১৯৯৬ সালের কমিউনিটি ক্লিনিক ধারণাটির পুনঃপর্যালোচনা করা প্রয়োজন। কেননা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারণার আলোকে এর নাম প্রাইমারি হেলথকেয়ার সেন্টার এবং ট্রাস্টের নাম প্রাইমারি হেলথকেয়ার ট্রাস্ট করা প্রয়োজন।
তার ভাষ্য, বিদ্যমান কমিউনিটি ক্লিনিকে দক্ষ চিকিৎসকের অভাব। প্রশিক্ষিত জনবল নিয়োগের পরিবর্তে শুধু দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত জনগণ। তাই ৩ হাজার ৯৩৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রকে প্রাথমিক রেফারেল সেন্টার করে চার বছরমেয়াদি ডিপ্লোমাধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিয়োগ দেওয়া প্রয়োজন।
এসব প্রস্তাবের আলোকে নতুন একটি প্রকল্প নিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের নির্বাচনী ইশতেহার পূরণে মানুষের বাসস্থানের কাছাকাছি প্রতিরোধমূলক, স্বাস্থ্য উন্নয়নমূলক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করতে নেওয়া হচ্ছে নতুন এই উদ্যোগ। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গ্রামীণ জনগণকে উচ্চতর স্বাস্থ্যসেবায় সংযুক্ত করা হবে। সরকারের নতুন পরিকল্পনায় গ্রামীণ এলাকায় ইউনিয়নভিত্তিক একটি পিএইচসি ইউনিট থাকবে। ইউনিয়নের সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে তিনটি হাব। শহরাঞ্চলে ওয়ার্ড অথবা জনসংখ্যার আকার ও সেবা চাহিদা অনুযায়ী ইউনিটের বিন্যাস হবে। সেন্টার ও হাব একই কাজ করবে না। হাব হবে জনগণের কাছাকাছি স্বাস্থ্য উন্নয়ন, প্রতিরোধ, প্রাথমিক যোগাযোগ ও অনুসরণের স্থান। এ ছাড়া সেন্টার হবে তুলনামূলক বিস্তৃত চিকিৎসা, মৌলিক রোগ নির্ণয়, ফার্মেসি এবং রেফারেল সমন্বয়ের কেন্দ্র।
এসব কার্যক্রম বাস্তবায়নে ‘বাংলাদেশের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ’ নামে একটি প্রকল্প প্রস্তাব করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৯৩ কোটি টাকা। প্রক্রিয়াকরণ শেষে অনুমোদন পেলে আগামী ডিসেম্বরেই শুরু হয়ে ২০২৯ সালের নভেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)। প্রস্তাবিত প্রকল্পটি নিয়ে গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এহছানুল হক।
পিইসি সভায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, প্রাইমারি হেলথকেয়ার হাবগুলো দুই রকমের হবে। টাইপ-এ সমতলভূমির জন্য এবং টাইপ-বি অপেক্ষাকৃত নিচু জায়গা ও যেসব জায়গায় পানি জমা হয়ে থাকার আশঙ্কা রয়েছে, সেগুলোর জন্য। এটি হবে পিলারের ওপরে উঁচু করে, যেখানে সিঁড়ি ও র্যাম্প থাকবে। টাইপ-এ-এর প্রতিটির জন্য নির্মাণ বা পুনর্নির্মাণ বাবদ খরচ পড়বে ৪২ লাখ এবং টাইপ-বি-এর প্রতিটির জন্য নির্মাণ বা পুনর্নির্মাণ বাবদ খরচ পড়বে ৫১ লাখ টাকা। প্রতিটি ৭৬৫ বর্গফুট হাবের নির্মাণ ব্যয় ধরা হয়েছে বর্গফুটপ্রতি ৩ হাজার ৭১৭ টাকা (ভ্যাট, এআইটি, লভ্যাংশ, ওভারহেডসহ) এবং ভ্যাট, এআইটি, লভ্যাংশ এবং ওভারহেড বাদ দিয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে বর্গফুটপ্রতি ২ হাজার ৪৩৪ টাকা। ৮ হাজার ৩৪৮টি হাব মেরামতের জন্য প্রতিটিতে খরচ পড়বে ৬ লাখ টাকা।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশে মোট ইউনিয়ন ৪ হাজার ৫৮৬টি এবং মোট ওয়ার্ড সংখ্যা ৪১ হাজার ২৭৪। প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি হাব নির্ধারণ করা হলে হাবের সংখ্যা হবে ১৩ হাজার ৭৫৮। এর মধ্যে এ প্রকল্পের মাধ্যমে ৩৫০টি নতুন হাব নির্মাণ, ৫ হাজার ৯৩৬টি পিএইচসি হাব পুনর্নির্মাণ এবং ৮ হাজার ৩৪৮টি হাব মেরামত করা হবে।
পিইসি সভায় বলা হয়, বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলোর ব্যবহারযোগ্য স্থাপনা, মেডিকেল যন্ত্রপাতি, সরঞ্জাম এবং আসবাবপত্র প্রস্তাবিত প্রকল্পে ব্যবহার করার সুযোগ রয়েছে কি না, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা খতিয়ে দেখতে পারে। এতে নতুন প্রকল্পের অর্থেও সাশ্রয় হবে।
নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. এনামুল হক আগামীর সময়কে বললেন, কমিউনিটি ক্লিনিকের নাম বদলে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু এসব ক্লিনিক বিলুপ্ত করা হবে না। বরং নতুন উদ্যোগে স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে। সেসঙ্গে গ্রামে কাজ করা স্বাস্থ্য-সম্পর্কিত ভিন্ন ভিন্ন সরকারি সংস্থার কর্মীদের এক করে সমন্বিতভাবে কাজ করা হবে। এতে সরকারের অর্থের অপচয় যেমন বন্ধ হবে, তেমনি গ্রামীণ স্বাস্থ্যসেবাও ভালো হবে।



