বছরে নিউমোনিয়ায় আক্রান্ত ৪০ লাখ, দিনে মৃত্যু ৬৬ শিশুর
- সর্দি-জ্বর, শ্বাসকষ্ট লক্ষণ হলেও শীতের অপেক্ষা করে না
- দূষিত বাতাস, অপুষ্টি ও চিকিৎসায় দেরিতে বাড়ছে ঝুঁকি

গ্রাফিকস: আগামীর সময়
চার মাস বয়সী আররাইনকে কোলে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ৭১১ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন তার মামা মো. ফয়সাল। নোয়াখালী থেকে আসা শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। ১২ দিন ধরে চলছিল চিকিৎসা। ঢাকায় আসার আগে স্থানীয় একটি হাসপাতালেও ভর্তি ছিল আরও তিন দিন। চিকিৎসার পেছনে পরিবারের খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
ফয়সাল বললেন, ‘আমাদের মতো গরিব মানুষের জন্য প্রতিদিন ৭০০ টাকা ওয়ার্ড ভাড়া দেওয়া অনেক কষ্টের। এখন ইনজেকশন ও স্যালাইন চলছে। চিকিৎসকরা বলেছেন, দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দিতে পারেন।’ একই হাসপাতালের ৭১২ নম্বর কক্ষের সামনে ১৮ মাস বয়সী মেয়ে ফারিহা তাবাসসুমকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন দিনাজপুরের ফারুক হোসেন। তার মেয়ে এক মাস ধরে অসুস্থ। গত ২৭ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পেছনে এরই মধ্যে লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানালেন ফারুক। তিনি বললেন, ‘প্রতিটি পরীক্ষার খরচ অনেক বেশি। একটি পরীক্ষার মূল্য ৪০ হাজার টাকা। কিন্তু এখনো সেই পরীক্ষাটি করা হয়নি।’
দুই পরিবারের গল্প আলাদা। কিন্তু উদ্বেগের জায়গা এক— শিশুর শ্বাসকষ্ট, দীর্ঘ চিকিৎসা আর বাড়তে থাকা ব্যয়। সাধারণ জ্বর-কাশি থেকে শুরু হওয়া অসুস্থতা কখন যে নিউমোনিয়ার মতো জটিল রোগে রূপ নিচ্ছে, তা অনেক পরিবার শুরুতে বুঝতেই পারছে না। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক শিশুকে নিতে হচ্ছে হাসপাতালে। কারও কারও ক্ষেত্রে পরিস্থিতি হয়ে উঠছে জীবন-মৃত্যুর লড়াই।
মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে ছয়তলায় শিশু ওয়ার্ডের সামনে শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন শাহপরাণ। শিশুটি হাসছিল আর তার বাবার চুল ধরে টানছিল। তিনি জানালেন, এখানে আছি সাত দিন। কিন্তু তেমন কোনো খরচ হয়নি। অন্যদিকে আমার ভাগিনাকে শিশু হাসপাতালে রেখে ২ লাখ ৫০ হাজার টাকার মতো ব্যয় হয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষণা তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৪০ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাদের মধ্যে প্রায় ৬ লাখ ৭৭ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়। আর এ রোগে প্রতি বছর প্রাণ যায় প্রায় ২৪ হাজার কোমলমতির। অর্থাৎ গড়ে প্রতিদিন ৬৬টি শিশুর মৃত্যু ঘটছে। এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার পালন হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। এই রোগের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এর প্রতিরোধ ও চিকিৎসায় পদক্ষেপ নিতে উৎসাহিত করতে ২০০৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো পালন করা হয় দিবসটি।
পাঁচ বছরের হাসপাতালে ভর্তির চিত্র
নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার চাপের একটি চিত্র পাওয়া যায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্যেও। হাসপাতালটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে নিউমোনিয়ায় আক্রান্ত ৩ হাজার ১০৩ শিশু ভর্তি হয়। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫১১ এবং ২০২৪ সালে ভর্তি হয় ৪ হাজার ২৬০ শিশু। ২০২৫ সালে ভর্তি হয় ২ হাজার ৬৩১ শিশু। আর চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত ভর্তি হয়েছে ২ হাজার ২৯৩ শিশু।
এ বছরের মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারিতে নিউমোনিয়ায় আক্রান্ত ৩১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়। ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৪১৫, এপ্রিলে ২৬৮, মে মাসে ১৯৮, জুনে ১৫২, জুলাইয়ে ১৪৫, আগস্টে ১৫৯, সেপ্টেম্বরে ১৫১ এবং অক্টোবরে ১২৯ শিশু ভর্তি হয়। ৭ নভেম্বর পর্যন্ত ভর্তি হয়েছে আরও ১৮ শিশু।
শীতের রোগ নয়, সারা বছরই ঝুঁকি
নিউমোনিয়া মানেই শীতকাল— এমন ধারণা প্রচলিত। তবে বছরের অন্যান্য সময়েও শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। চলতি বছরের হাসপাতালটির তথ্যেও দেখা যায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসেই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। মার্চে ভর্তি সবচেয়ে বেশি— ৪১৫ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ, ধুলোবালি, অপুষ্টি, ঘরের ভেতরের ধোঁয়া এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ বাড়াতে পারে নিউমোনিয়ার ঝুঁকি। রাজধানীর যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও শিল্পকারখানার দূষণ শিশুদের ফুসফুসের জন্য ক্ষতিকর। রান্নার কাজে ব্যবহৃত জ্বালানির ধোঁয়াও ঘরের ভেতরের বায়ুদূষণ বাড়ায়। বিশেষ করে অপুষ্টিতে ভোগা, কম ওজন নিয়ে জন্ম নেওয়া এবং ছয় মাসের কম বয়সী শিশুরা এ রোগে বেশি ঝুঁকিতে থাকে।
গবেষণায় কী বলা হয়েছে
২০২৬ সালে দ্য পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত ‘কমিউনিটি-অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ইন বাংলাদেশি চিলড্রেন আন্ডার ফাইভ: প্যাথোজেন প্রিভ্যালেন্স, রেজিস্ট্যান্স ট্রেন্ডস অ্যান্ড ডায়াগনস্টিক বায়োমার্কার্স’ শীর্ষক গবেষণায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বছরের কম বয়সী ২২৬ নিউমোনিয়া আক্রান্ত শিশু এবং ২০১ সুস্থ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। গবেষণায় দেখা যায়, নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার ৪০ শতাংশ নমুনায় একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। একইভাবে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার ৩৮ শতাংশ নমুনায় মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স এবং স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ৭৬ শতাংশ নমুনায় মেথিসিলিন-প্রতিরোধী বৈশিষ্ট্য পাওয়া যায়। এ ছাড়া ১৪ শতাংশ ক্ষেত্রে ব্যাকটেরিয়া ও ভাইরাসের যৌথ সংক্রমণ শনাক্ত হয়েছে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান আগামীর সময়কে বললেন, নিউমোনিয়া ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণে হতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের বেশি বয়সীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। শিশুদের দ্রুত শ্বাস নেওয়া নিউমোনিয়ার অন্যতম লক্ষণ। শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরে দেবে যাওয়া, খাবার খেতে না পারা, বারবার বমি, অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়া, উচ্চমাত্রার জ্বর ও খিঁচুনি দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে।
‘নিউমোনিয়া প্রতিরোধে জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ এবং প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানো জরুরি। ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার দিতে হবে। পাশাপাশি ইপিআই কর্মসূচির আওতায় সময়মতো সব টিকা দিতে হবে। বিশেষ করে নিউমোকক্কাল ও হিব টিকা নিউমোনিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ। শিশুর পরিচর্যাকারীদের নিয়মিত হাত ধোয়া এবং অপ্রয়োজনে জনসমাগমপূর্ণ স্থানে শিশুকে নেওয়া থেকে বিরত থাকতে হবে’— পরামর্শ দিলেন তিনি।



