পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি
পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক এক পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানিয়েছেন এ তথ্য।
তিনি জানিয়েছেন, বৈঠকে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে পরিবেশ দূষণ বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথ দায়িত্ব পালন করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





