সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা দাবি, সতর্ক করল মন্ত্রণালয়

ভুক্তভোগী সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সচিবের নাম, পদবি ও ছবি ব্যবহার করে +৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮ নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন ও মেসেজ করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহার করেও টাকা চাওয়া হচ্ছে।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয় বা সচিবের কোনো সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতারক চক্রের ফাঁদে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে।



