জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলানোর তাগিদ

সংগৃহীত ছবি
কপ-৩১ সম্মেলনে উন্নত দেশগুলোর প্রতি প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করার দাবি জানিয়েছেন বিশ্ব নাগরিক সমাজের প্রতিনিধিরা। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক সরকারি অর্থায়ন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।
বৈশ্বিক অভিযোজন লক্ষ্য যেন কেবল সূচক নির্ধারণ ও রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকে সেই তাগিদ দিয়ে তারা বলেছেন, এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করতে হবে, যাতে অর্থ সরাসরি স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। একই সঙ্গে ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়ানো, অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা, দ্রুত অর্থ ছাড় এবং ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনস্থলের সাইড ইভেন্ট কক্ষ-৫ এ অনুষ্ঠিত ‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টের বক্তারা এসব দাবি জানান।
এতে গ্লোবাল সাউথের বিভিন্ন দেশের নাগরিক সমাজের নেতৃবৃন্দ জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় তাদের দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), ফিলিপাইন, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, এলডিসি ওয়াচ, নেপাল এবং ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের সমন্বয়ে আয়োজিত এ সাইড ইভেন্টে বক্তব্য দেন এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম. এ. হাসান, অক্সফামের মারিয়ানা, ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল এবং এপিএমডিডি, ফিলিপাইনের অ্যালেন জন কার্পিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলডিসি ওয়াচ, নেপালের রেশমা শাক্য।
বক্তারা বলেন, জলবায়ু অর্থায়নের নামে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়ানো যাবে না। উন্নত দেশগুলোর সরকারি অর্থায়নের বাধ্যবাধকতার বিকল্প হিসেবে ঋণ ও বেসরকারি বিনিয়োগকে গণ্য করাও গ্রহণযোগ্য নয়। জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশ ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দায়ী, তাদেরই অধিকতর আর্থিক দায়িত্ব নিতে হবে।
এ জন্য বড় দূষণকারীদের ওপর ন্যায্য কর আরোপ এবং সরকারি জলবায়ু অর্থায়নে তাদের অবদান বাড়ানোর আহ্বান জানান তারা। তাদের মতে, কপ-৩১-এ শুধু অর্থায়নের প্রতিশ্রুতি নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহি এবং সুস্পষ্ট বাস্তবায়ন রোডম্যাপ নিশ্চিত করতে হবে, যাতে ঘোষিত অর্থ বাস্তবে ছাড় হয় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।
এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়ন যেন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থাকে। আন্তর্জাতিক তহবিল ও অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থ দ্রুত, সহজ ও কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাতে হবে। প্রাপ্ত অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কার্যকর কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে তা সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।
ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, গ্লোবাল গোল অন অ্যাডাপটেশনের ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়; এসব সূচকের বাস্তবায়নে মানুষের জলবায়ু ঝুঁকি কমছে কি না এবং জীবন-জীবিকা, খাদ্য, পানি ও প্রতিবেশব্যবস্থা আরও সহনশীল হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা না দিয়ে অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করা যাবে না। ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতির ক্ষেত্রে কোন ভিত্তিবছর থেকে এই বৃদ্ধি হিসাব করা হবে, অর্থের উৎস কী, কে অর্থ দেবে, কখন তা সরবরাহ করা হবে এবং অর্থায়নের ধরন কী হবে, তা স্পষ্ট করতে হবে।
কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম. এ. হাসান বলেন, জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আমরা প্রায়ই বড় অঙ্কের প্রতিশ্রুতি শুনি। কিন্তু জলবায়ু অর্থায়নের সাফল্য শুধু প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। জানতে হবে, এই অর্থ কে দেবে, কোন উৎস থেকে আসবে, কখন দেওয়া হবে, কী শর্তে দেওয়া হবে, কার কাছে পৌঁছাবে এবং এর মাধ্যমে বাস্তবে কী পরিবর্তন ঘটবে।
তিনি আরও বলেন, গ্লোবাল সাউথের দেশগুলো কোনো দাতব্য সহায়তা চাইছে না; তারা জলবায়ু ন্যায়বিচার চাইছে। যে সংকট তৈরিতে আমাদের অবদান সবচেয়ে কম, সেই সংকট থেকে নিজেদের জনগণকে রক্ষা করতে আমরা আরও ঋণ নিতে বাধ্য হব, এটি মেনে নেওয়া যায় না। আমরা এমন জলবায়ু অর্থায়ন মেনে নিতে পারি না, যা দেশের ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। একইভাবে এমন আর্থিক ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়, যেখানে ঋণদাতাদের স্বার্থ সুরক্ষিত থাকে, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষিত হয়।



