সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

ছবি: আগামীর সময়
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এই মর্মান্তিক ঘটনায় আমাদের ২ প্রবাসী মৃত্যুবরণ করেছেন। অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছি। আমি নিজেও আহতদের একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছি ও সহায়তার আশ্বাস দিয়েছি।’
সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এই ক্রান্তিকালীন সময়ে আপনারা সবাই অত্যন্ত সাবধানে ও নিরাপদ আশ্রয়ে থাকবেন। যে কোনো জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য আমাদের ইমেইল- [email protected] এ পাঠানোর অনুরোধ করেন মন্ত্রী।



