ইউপি নির্বাচন
২৯ নভেম্বর শুরু ৫৫টি দলের সঙ্গে ইসির সংলাপ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত হবে এই সংলাপ। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকারের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, তিন দিনে ৫৫টি দলের সঙ্গে মতবিনিময় হবে।
২৯ নভেম্বর প্রথম দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অন্য দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে জানিয়েছেন।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন
পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।



