আদানির বিদ্যুৎ সরবরাহ নেমেছে অর্ধেকে, বেড়েছে লোডশেডিং

গ্রাফিকস: আগামীর সময়
কয়লা সংকটে এক মাসের বেশি সময় ধরে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করতে পারছিল না ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার। এর মধ্যে প্রতিষ্ঠানটির একটি ইউনিটে কারিগরি ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। ফলে দেশে লোডশেডিং বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়লা সরবরাহ বৃদ্ধি পাওয়ার পর গত বুধবার সন্ধ্যা থেকে উৎপাদন বাড়ে। এ সময় বিদ্যুৎ সরবরাহ ছাড়িয়ে যায় ১৪০০ মেগাওয়াট। এরপর মধ্যরাতে কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। ফলে কমেছে বিদ্যুৎ সরবরাহ, নেমেছে ৭৫০ মেগাওয়াটের নিচে।
ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রমতে, দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রের একটির বয়লারে সমস্যা হওয়ায় সেখান বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ এটি মেরামত হবে তা অনিশ্চিত।
এদিকে এ পরিস্থিতিতে দেশে বেড়েছে লোডশেডিং। জ্বালানি তেল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল। আজ শুক্রবার সকালে সারা দেশে লোডশেডিং হচ্ছে আড়াই হাজার মেগাওয়াটের বেশি।
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। আমদানি করা বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে যুক্ত হয় জাতীয় গ্রিডে।
আদানির সঙ্গে পিডিবি ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে। ২০২৩ সালের মার্চে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যুক্ত হয়।



