সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে অবতরণের পর সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি। এরপর সড়কপথে মৌলভীবাজারের পথে রওনা হবেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি করবেন উদ্বোধন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।




