আনসার-ভিডিপির জব ফেয়ারে প্রাণ-আরএফএলে ৪৫২ জনের চাকরি

সংগৃহীত ছবি
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করতে দিনাজপুরে ‘জব ফেয়ার-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ মঙ্গলবার দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ সদস্য অংশ নেন। তাদের মধ্যে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে মোট ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।
নিয়োগ পাওয়া ৪৫২ জনের মধ্যে ওয়েল্ডিং ৬জি বিষয়ে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে (আরএসি) ৮ জন, অটোমোটিভ মেকানিক্সে ১৭ জন, ড্রাইভিংয়ে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জন রয়েছেন।
প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ (এইচআর) বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে নির্বাচন করা হয়। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সদস্যরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দেবেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও কর্মসংস্থানমুখী করা হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও জব ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরি করা হচ্ছে, যাতে সদস্যরা দেশে-বিদেশে কাজের সুযোগ পান।
দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া ৩১৭ সদস্য ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। জেলা কমান্ড্যান্টের সার্বিক সমন্বয়ে এই জব ফেয়ার সম্পন্ন হয়।
চাকরি নিশ্চিত হওয়ায় উপকৃত সদস্য ও তাদের অভিভাবকেরা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সদস্যদের স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।



