আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সংগৃহীত ছবি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ ঠেকাতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন আইজিপি।



