সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুপারিশ

সংগৃহীত ছবি
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের কেবিনেট কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান, মো. আব্দুল বাতেন প্রমুখ।
সভায় স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, শৃঙ্খলা ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা নীতির উন্নয়ন এবং আধুনিকায়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলেন আশরাফ উদ্দিন বকুল। একইসঙ্গে সশ্রস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণের মতো উল্লেখযোগ্য কাজগুলোতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন।
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২৫টি দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে প্রাথমিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে কমিটিতে উপস্থাপন করা হয়।
কমিটি পুরনো মেশিনারীজ থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুপারিশ করে। এছাড়াও সেনাবাহিনী নির্মাণাধীন অবকাঠামোগুলোতে সেভ এনার্জি নিশ্চিত করার মাধ্যমে সেভ মানি পরিকল্পনা তুলে ধরা হয় বৈঠকে। এতে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করা হয়।



