নরসিংদীতে বন্ধ পাটকলে হানা, ২১ কোটি টাকার যন্ত্রপাতি লুট

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আজ বুধবার সংবাদ সম্মেলনে স্কাইল্যান্ড অ্যান্ড ফ্যাম লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। ছবি: আগামীর সময়
নরসিংদীর মাধবদীতে বন্ধ থাকা একটি পাটকলে সশস্ত্র হামলা চালিয়ে ২১ কোটি টাকার যন্ত্রপাতি লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্কাইল্যান্ড অ্যান্ড ফ্যাম লিমিটেডের (জুট মিলস) নামে পাটকলটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
গত ৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ লুটপাট চলে বলে জানান তিনি। তার অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী পাট ব্যবসায়ী এ লুটপাটে জড়িত।
মাধবদীর শিলমান্দি ইউনিয়নের আহমেদনগরে স্কাইল্যান্ড অ্যান্ড ফ্যাম লিমিটেড পাটকলটি ২০০৩ সালে চালু হয়েছিল। আর্থিক সংকটের কারণে গত ছয় মাস ধরে বন্ধ ছিল সেখানে উৎপাদন।
সরকার বন্ধ মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় পাটকলটি পুনরায় চালুর চেষ্টা যখন হচ্ছিল, তখনই লুটপাট শুরু হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
মহিউদ্দিন বলেন, গত ৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রভাবশালী ওই পাট ব্যবসায়ীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিলের প্রধান ফটকে তালা দেয়। তারা নিরাপত্তাকর্মীদের ভয় দেখায় এবং দুই কর্মচারীকে অস্ত্রের মুখে একদিন আটকে রাখে। এরপর দিন-রাত ট্রাকে করে মিলের ইলেকট্রিক সাবস্টেশন, মূল্যবান যন্ত্রপাতি সরিয়ে নিয়ে বিক্রি করে দেয়।
আশঙ্কা থেকে গত ৪ আগস্ট মাধবদী থানায় গিয়ে অভিযোগ করা হলেও পুলিশ তা আমলে নেয়নি বলে মহিউদ্দিনের অভিযোগ। পরে গত ৩ অক্টোবর অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
মহিউদ্দিন বলেন, বর্তমানে একটি ‘সন্ত্রাসী দল’ মিলের ভেতরে অবস্থান করে টিন, লোহা, অ্যাঙ্গেল ও ইট-বালুসহ স্থাপনার বিভিন্ন অংশ খুলে বিক্রির চেষ্টা করছে।
এ অবস্থায় মিলের সম্পদ রক্ষা, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এ শিল্পোদ্যোক্তা।
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনকেও জানিয়েছেন বলে দাবি করেন মহিউদ্দিন।
তিনি বলেন, বন্ধ পাটকলটি চালু হলে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হতো।



