সুফিয়া কামালের আদর্শ ধারণ করে মানবিক সমাজ গড়ার আহ্বান

সংগৃহীত ছবি
কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবসে তার জীবন, আদর্শ ও সংগ্রামের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, নারী অধিকার, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন কবি সুফিয়া কামাল। বর্তমান সময়ে অন্যায়, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মোকাবিলায় তার আদর্শ অনুসরণ করা জরুরি।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন সংগঠনটির অন্যতম সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস ও সাধারণ সম্পাদক মালেকা বানু। কবির পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার মেয়ে, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠন উপপরিষদের জ্যেষ্ঠ প্রোগ্রাম কর্মকর্তা ফজিলা খাতুন লতা।
স্বাগত বক্তব্যে মালেকা বানু বলেন, প্রয়াণের ২৭ বছর পরও কবি সুফিয়া কামাল আমাদের মাঝে সাহস, ভরসা ও প্রেরণার উৎস হয়ে আছেন। তিনি আজীবন সামাজিক কুসংস্কার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। গণতন্ত্র, ভাষার অধিকার, নারী অধিকার ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজন্মের নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তার স্বপ্ন ছিল ধর্ম, বর্ণ ও নারী-পুরুষের বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা। কবির রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে পরবর্তী প্রজন্মকে সাহস ও দৃঢ়তার সঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ডা. মাখদুমা নার্গিস বলেন, কবির জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাই একত্রিত হওয়ার মধ্য দিয়ে নতুন করে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার, দেখানো পথে চলার এবং নিজেদের নতুন করে শপথ নেওয়ার সুযোগ তৈরি হয়। এ ধরনের আয়োজনের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। যতবার একত্রিত হয়ে তার আদর্শ ধারণের অঙ্গীকার করা হবে, ততবারই সমাজের প্রতিকূল পরিবেশ মোকাবিলায় নতুন শক্তি ও সাহস অর্জনের সুযোগ তৈরি হবে। বর্তমান প্রতিকূল সময়ে কীভাবে লড়াই করে সামনে এগিয়ে যেতে হয়, সেই শিক্ষা কবির জীবন থেকেই পাওয়া যায়।
কবিকন্যা সুলতানা কামাল সমাজের সামগ্রিক কল্যাণে সংঘবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। সুফিয়া কামালের সাহিত্যসাধনা, নারী জাগরণ ও বিভিন্ন সামাজিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, কবি সব সময় সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার নীতিতে বিশ্বাস করতেন। বর্তমান সমাজে ক্রমবর্ধমান বিভাজন, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মোকাবিলায় মানুষ গড়ার মানসিকতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দেশের তরুণ প্রজন্ম ও মানবাধিকার রক্ষার স্বার্থে নারীর অধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার বলেন, সুফিয়া কামালকে কোনো দিনই ভুলে যাওয়া সম্ভব নয়। তার সাহিত্য, কর্ম ও আদর্শের মধ্য দিয়ে তিনি সব সময় স্মরণীয় হয়ে থাকবেন। তাকে শুধু কবি হিসেবে জানলেই হবে না, তার জীবন, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান সম্পর্কেও জানতে হবে। নতুন প্রজন্মের কাছে তার কাজ ও আদর্শ তুলে ধরতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্মও তাকে যথাযথভাবে জানতে পারে।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন এমন এক আলোকবর্তিকা, যার জীবন ও আদর্শ তার সময়কে ছাড়িয়ে পরবর্তী প্রজন্মকেও আলোকিত করেছে। বর্তমান সময়ে অন্যায়, অসহিষ্ণুতা, বিদ্বেষ ও মুক্তচিন্তার সংকট মোকাবিলায় তার মতো সাহসী ও বিবেকবান মানুষের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভূত হচ্ছে। কবি সুফিয়া কামাল সাংস্কৃতিক আন্দোলন ও মানুষের চিত্তের বিকাশকে বিশেষ গুরুত্ব দিতেন। শিক্ষা ও জ্ঞানচর্চা শুধু পেশাগত সাফল্যের জন্য নয়, মানুষের মনন ও মানবিকতার বিকাশের জন্যও প্রয়োজন। এই শিক্ষা সবাইকে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তার আদর্শ অনুসরণ জরুরি। মানুষের দুঃখ-কষ্টের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে, কান্নার সঙ্গে কান্না ও হাসির সঙ্গে হাসি মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোই ছিল কবি সুফিয়া কামালের কাছ থেকে পাওয়া অন্যতম বড় শিক্ষা।
অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীরা এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রতিনিধিরা। পরে সংগঠনটির কর্মকর্তারা দুটি দলীয় গান পরিবেশন করেন। কবির রচনা থেকে পাঠ করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের সদস্য সিরাজুম মুনিরা ও জারিন তাসনিম চৌধুরী। একক গান পরিবেশন করেন সংগঠন উপপরিষদের সদস্য আফরা আনতারা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য পরমা সরকার।
এ ছাড়া কবি সুফিয়া কামালের কর্মজীবনের ওপর নির্মিত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে জননী সাহসিকা কবি সুফিয়া কামাল’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ জাতীয় পরিষদের সদস্য, ঢাকা মহানগর কমিটির নেত্রী, বিভিন্ন উপপরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন।




