তথ্যচিত্র, গান ও কবিতায় ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’

ছবি: আগামীর সময়
মাত্র ৭২ দিনের পুরোনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ১৫০ জন, শিক্ষক ২১ জন, বিভাগ চারটি। ক্যাম্পাসের এক পাশে সাভার সেনানিবাস। এরই মধ্যে আসে ২৫ মার্চ। স্বাধীনতার মাত্র কয়েক মাস আগে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কেউ প্রত্যক্ষ, কেউবা পরোক্ষভাবে জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধে।
সেই সময়ের স্মৃতি ও ইতিহাস ফিরে এসেছে ‘স্মৃতি ৭১’-এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ অনুষ্ঠানে। আজ শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ, শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফারুক এইচ খান। মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান মাহবুব জামান। সন্ধ্যায় ছিল তথ্যচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গান ও কবিতা।
বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘একাত্তরে আমরা কেউ বড় কিছু হতে চাইনি। আমরা শুধু চেয়েছিলাম দেশটা আমাদের হোক। যুদ্ধ শুরু হলে কে কী করবে, ভাবার সময় ছিল না। যা করা দরকার, সবাই সেটাই করেছি। আজ এত বছর পর কেউ যখন আমাদের মনে রাখে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’
বীর মুক্তিযোদ্ধা মো. আলী আশরাফ বলেন, ‘আমাদের অনেক সঙ্গী আজ নেই। যাঁরা ফিরে আসেননি, তাঁদের কথা বলতে গেলে আজও বুক ভারী হয়ে আসে। আমরা বেঁচে আছি বলে তাঁদের হয়ে কথা বলার দায়িত্বটা আমাদের। এই স্বাধীনতা সহজে আসেনি, এটা নতুন প্রজন্মের জানা দরকার।’
বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান বলেন, ‘যুদ্ধ মানে ভয়, অনিশ্চয়তা, আর তার মধ্যেও হাল না ছাড়ার জেদ। সেই জেদটাই আমাদের টিকিয়ে রেখেছিল। আজ তরুণদের বলব, দেশটাকে ভালোবাসুন, আর ইতিহাসটা জানুন। কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে নিজের শিকড়কেই হারায়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের ৪ জানুয়ারি ক্লাস শুরু হয়। ১২ জানুয়ারি তৎকালীন গভর্নর ও আচার্য এস এম আহসান বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম উপাচার্য ছিলেন রসায়নবিদ অধ্যাপক মফিজউদ্দিন আহমদ।
প্রথম ব্যাচে পরিসংখ্যান, ভূগোল, অর্থনীতি ও গণিত বিভাগে পাঠদান শুরু হয়। তখন ছিলেন ১৪ জন কর্মকর্তা ও ১২৫ জন কর্মচারী। একই সঙ্গে চলছিল ক্যাম্পাস গড়ার কাজ।
কিন্তু উদ্বোধনের মাস দুয়েকের মধ্যেই বদলে যায় রাজনৈতিক পরিস্থিতি। থমকে যায় নির্মাণ ও উন্নয়নের কাজ। যুদ্ধ শুরু হওয়ার সময় বিশ্ববিদ্যালয়টির ইতিহাসও তখনো পূর্ণতা পায়নি।
বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, এরপরও বেশ কিছু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়টির জন্মপরিচয়েও রয়েছে ঐতিহাসিক বৈপরীত্য। ১৯৭০ সালের ২০ আগস্ট পাকিস্তান সরকারের অধ্যাদেশে এর নাম রাখা হয় ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’। স্বাধীনতার পর ১৯৭২ সালে সৈয়দ আলী আহসান দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ কার্যক্রম শুরু হয়। ১৯৭৩ সালের আইনে নাম থেকে বাদ যায় ‘মুসলিম’ শব্দটি। পাকিস্তানের আইনে জন্ম নেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশের আইনে পায় নতুন পরিচয়।
বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও রয়েছে একাত্তরের স্মৃতির নানা চিহ্ন। রয়েছে দেশের অন্যতম উঁচু শহীদ মিনার, যার উচ্চতা একাত্তরের স্মরণে আর পরিধি বাহান্নর। রয়েছে ‘অমর একুশে’ ভাস্কর্য এবং যুদ্ধে অঙ্গ হারানো সন্তানদের সম্মানে নির্মিত ‘সংশপ্তক’।
ক্যাম্পাসের এক পাশে সাভার সেনানিবাস, অন্য পাশে জাতীয় স্মৃতিসৌধ। জাহাঙ্গীরনগরের মানচিত্রেও যেন মিশে আছে একাত্তরের স্মৃতি।




