জন্মবার্ষিকী উপলক্ষে রুশ কবি পুশকিনকে স্মরণ

পুশকিনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় অনুষ্ঠানের শুরুতে
রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা। রোববার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত পুশকিনের আবক্ষ ভাস্কর্যের পাশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং রুশ সংস্কৃতির অনুরাগীরা অংশ নেন।
পুশকিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় অনুষ্ঠানের শুরুতে। এ সময় বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের প্রথম সচিব আনাস্তাসিয়া নেমোভা এবং আইএমএলের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবসার কামাল।
পুশকিনের সাহিত্যকর্মের গুরুত্ব, আন্তর্জাতিক যোগাযোগে রুশ ভাষার ভূমিকা এবং বাংলাদেশ-রাশিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয় উঠে আসে আলোচনায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীদের পরিবেশনা। রুশ ভাষায় পুশকিনের কবিতা আবৃত্তি এবং তার রচনার বাংলা অনুবাদ উপস্থাপন করেন তারা। আয়োজকদের ভাষ্য, তরুণদের মধ্যে রুশ ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে এ উদ্যোগ।



