আর্টিস্ট ক্লাবে সুরের মূর্ছণায় ‘সন্ধ্যা প্রদীপ’

অনুষ্ঠানটি উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সের-শারলেসসহ শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। ছবি: আগামীর সময়
‘বিশ্ব সংগীত দিবস’ ছিল ২১ জুন। এ উপলক্ষে গতকাল শনিবার আর্টিস্ট ক্লাব লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সংগীতসন্ধ্যা। রাজধানীর বনানীতে অবস্থিত আর্টিস্ট ক্লাব লাউঞ্জে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘সন্ধ্যা প্রদীপ’ শীর্ষক এই আয়োজনে সংগীত পরিবেশন করেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর শিল্পীরা।
অনুষ্ঠানটি উপভোগ করতে বনানীর আর্টিস্ট ক্লাব লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সের-শারলেসসহ শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা।
ফরাসি রাষ্ট্রদূত তার বক্তব্যে বিশ্ব সংগীত দিবসের তাৎপর্য তুলে ধরে বললেন, ‘সংগীত এমন একটি সর্বজনীন ভাষা, যা সংস্কৃতি, জাতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করে।’
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
স্বাগত বক্তব্যে আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি, সংগীতশিল্পী সুজিত মোস্তফা বললেন, ‘শিল্প-সংস্কৃতির বিকাশে আর্টিস্ট ক্লাব সবসময়ই সব ধরনের সৃজনশীল উদ্যোগের পাশে রয়েছে এবং পাশে থাকবে। বিশ্ব সংগীত দিবসে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশনের মতো ঐতিহ্যবাহী সংগঠনকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আর্টিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ কবির ও ডিইউসিএফের প্রতিষ্ঠাতা এবং আর্টিস্ট ক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শুরু হয় পুথি পাঠের মাধ্যমে। আধুনিক গান পরিবেশন করেন শিল্পী নির্ঝর চৌধুরী, ইরাবতী মন্ডল, আনিকা শারমিলা কৃপা ও ফরহাদ মিল্টন। নজরুলের গান পরিবেশন করেন শিল্পী নন্দিনী দত্ত ধরা। পল্লীগীতি ও উকিল মুন্সীর গান পরিবেশন করেন শিল্পী মাহফুজা রহমান মহব্বত। রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন শিল্পী নাঈমা ইসলাম নাজ।




