চিকিৎসা শেষে কারাগারে
রিমান্ডে অসুস্থ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমীন

আদালতে রুহুল আমিন—ফাইল ছবি
পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীন। পরে হাসপাতালে নেওয়া হলে সুস্থতা অনুভব করায় তাকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসক। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন পল্টন মডেল থানার মামলায় রিমান্ড শেষে আসামি রুহুলকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদের জন্য গত ২৩ নভেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে হেফাজতে নেওয়া হয় আসামিকে। পরে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফকরুল হাসানের কাছে উপস্থাপন করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ থাকায় সিআইডি অফিসে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
জিজ্ঞাসাবাদ চলাকালে আসামি রুহুল আমিন বুকে সামান্য ব্যাথা অনুভব করেন বলে আদালতকে জানায় পুলিশ৷ তখন তাকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নেওয়া হয়। গত ২৬ নভেম্বর ওই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। তিনি শারিরিকভাবে সুস্থ হওয়ায় ২৭ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়।
পরে আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনে আপত্তি জানান৷ উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তার করে গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে আদালতে উপস্থাপন করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুম্মার নামাজ আদায় করার জন্য উপস্থিত হন প্রবাস ফেরত ব্যবসায়ী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান। ওইদিন সাড়ে ১২ টায় ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় আসামি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত ইমামকে মসজিদের মিম্বর থেকে নিচে নামিয়ে মাইক কেড়ে নেন। মসজিদের উপস্থিত মুসল্লিরা তাকে এই কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে। আসামি রুহুল আমিনের নির্দেশে অন্য আসামিরা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশে বাদীর ডান চোখে আঘাত করেন। এসময় ভুক্তভোগীর পকেটে থাকা ৩০ হাজার টাকাও ছিনতাই করেন আসামিরা। এছাড়া আসামিরা মসজিদের ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মামলা হয়।




