হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি শেখ মুজিবুর রহমান

সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার আসাদুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।
এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিবিদ্ধ হন আসাদুল্লাহ। এরপর তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। পরে ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করে পরিবার। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় উত্তরা পশ্চিম থানায়।




