কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব-এফডিআর অবরুদ্ধ

সংগৃহীত ছবি
সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্ল্যাহ, তার স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের পাঁচ সদস্যের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৭১টি হিসাব ও এফডিআরের থাকা ১৫৫ কোটি এক লাখ ৪২ হাজার ৭০৮ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
অবরুদ্ধ সম্পদের মধ্যে কাজী জাফর উল্ল্যাহর নামে ৪৪ হিসাবে ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকা রয়েছে। তার স্ত্রী নীলুফা উল্ল্যাহর ২৪ হিসাবে থাকা ২৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৯৫ টাকা রয়েছে। এ ছাড়া বড় ছেলে কাজী ওমর জাফরের ৩৩ হিসাবে থাকা ২৩ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ছোট ছেলে কাজী রায়হান জাফরের ২৮ হিসাবে থাকা ২৩ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৮৪৯ টাকা এবং মেয়ে আনুশকা মেহরীন জাফরের ৪২ হিসাবে থাকা ৩১ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ৫০৫ টাকা অবরুদ্ধ হয়েছে।
এদিন দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান এ আবেদনটি করেন। ওই আবেদনে বলা হয়, জাফর উল্ল্যাহ ও তার পরিবারের সদস্যদের নামে এসব অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের নামে মেঘনা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও প্রিমিয়ার ব্যাংক পিএলসির গুলশান ও বনানী শাখায় বিপুল পরিমাণ এফডিআর, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব ও লকার রয়েছে।
নথি পর্যালোচনায় দেখা যায়, কাজী জাফর উল্ল্যাহর নামে মেঘনা ব্যাংকে ২৪ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৩৭৩ টাকা, মিডল্যান্ড ব্যাংকে ১৮ কোটি ৬ লাখ ৪২ হাজার ৫১৭ টাকা এবং প্রিমিয়ার ব্যাংকে ৭ কোটি ৫ লাখ ২৮ হাজার ৪০৫ টাকা রয়েছে। তার স্ত্রী নীলুফার জাফর উল্ল্যাহর নামে মিডল্যান্ড ব্যাংকে ১৮ কোটি ৬ লাখ ৪২ হাজার ৫১৭ টাকা এবং প্রিমিয়ার ব্যাংকে ৮ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৫৭৮ টাকা রয়েছে। মিডল্যান্ড ব্যাংকের হিসাবে ডাবল লকার সুবিধাও রয়েছে। বড় ছেলে কাজী ওমর জাফরের নামে মেঘনা ব্যাংকে ৭১ লাখ ২২ হাজার ৯০৯ টাকা, মিডল্যান্ড ব্যাংকে ৯ কোটি ৬১ লাখ ৫ হাজার ১১১ টাকা এবং প্রিমিয়ার ব্যাংকে ১৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৯৪৪ টাকা রয়েছে। মিডল্যান্ড ব্যাংকের হিসাবে লকার সুবিধা রয়েছে। মেজো ছেলে কাজী রায়হান জাফরের নামে মেঘনা ব্যাংকে ১২ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৪৩৪ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার এবং প্রিমিয়ার ব্যাংকে ১০ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৪১৫ টাকা রয়েছে। মিডল্যান্ড ব্যাংকের হিসাবেও লকার সুবিধা রয়েছে।
মেয়ে আনুশকা মেহরীন জাফরের নামে মেঘনা ব্যাংকে ১ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৯৩০ টাকা, মিডল্যান্ড ব্যাংকে ৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ২৭৩ টাকা এবং প্রিমিয়ার ব্যাংকে ২০ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৩০২ টাকা রয়েছে।
দুদক বলছে, অনুসন্ধানে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। এসব সম্পত্তি মামলা বা অভিযোগ নিষ্পত্তির আগে হাতবদল হয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে এসব সম্পত্তি অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে গুলশানের বাসা থেকে কাজী জাফর উল্ল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।



