খালাস চেয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ইনুর আপিল

ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনু খালাস চেয়ে ২৩ যুক্তিতে আপিল করেছেন।
আজ বুধবার ইনুর আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ এ তথ্য জানান।
গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে ৩০ বছরের কারাদণ্ড দেন। তবে ট্রাইব্যুনাল সেদিন জানান, তাকে সব মিলিয়ে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এ সাজাকে অপর্যাপ্ত মনে করে এরই মধ্যে আপিল করেছে প্রসিকিউশন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সালমান এফ রহমান, জিয়াউল আহসান ও ফারজানা রুপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আসামিদের পক্ষে কোনো বিদেশি আইনজীবীকে মামলা পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন, এবার বার কাউন্সিল বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দেবে। এ বিষয়ে বার কাউন্সিলে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।



