মহাসড়কে স্লিপারসহ অননুমোদিত বাস চালানো যাবে না: হাইকোর্ট

গত ২১ আগস্ট কক্সবাজারে একটি চলন্ত স্লিপার বাসে আগুন লাগলে লাঠি দিয়ে জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা।
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, শুধু বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে।
আজ বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা আবেদন দিয়েছিল— তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। কিন্তু আদালত বলেছেন মহাসড়কে বিআরটিএর অনুমতি ছাড়া কোনো বাস চালানো যাবে না।
আইনজীবী আরও জানালেন, ‘আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিআরটিএ সম্প্রতি জানিয়েছে স্লিপার বাসের কোনো অনুমতি নেই। আদালত বলেছেন, শুধু বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো অনুমতি নেই। হাইকোর্টও অনুমতি দেননি।’
গত ৪ সেপ্টেম্বর সকালে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আইকনিক’ পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হন। আহতরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী।
এর আগে গত ২১ আগস্ট কক্সবাজারে আইকন পরিবহনের একটি চলন্ত স্লিপার বাসে আগুন লাগে। পরে লাঠি দিয়ে জানালার কাচ ভেঙে ৩০ যাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা।





