হাইকোর্টের রুল
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি নয়

সংগৃহীত ছবি
সব নাগরিকের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে জীবনাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
আদালত রুলে আরও জানতে চেয়েছেন যে, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় কেন সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হবে না; এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন তদারকি, পর্যবেক্ষণ ও এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করতে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না।
স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পাবলিক হেলথ বিষয়ক পলিসি এনালিস্ট এ কে এম মাকসুদ, সৈয়দ মাহবুবুল আলম, আমিনুল ইসলাম বকুল ও সীমা রানী এই রিট আবেদনটি করেন।
তাদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট নিশাত মাহমুদ। তিনি আগামীর সময়কে বলেছেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের সদিচ্ছা আছে। তারা সে বিষয়ে একটা স্ট্রাটেজিও নিয়েছে। কিন্তু নানা অনিয়মের কারণে এবং তাদের দায়িত্বহীনতার কারণে তা বাস্তবায়ন করতে পারছে না। ফলে মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার খর্ব হচ্ছে। সে জন্যই আমরা রিট পিটিশনটি দায়ের করছি।
রিট আবেদনে বলা হয়েছে যে, দেশের সর্বোচ্চ আদালত বিভিন্ন রায়ে স্বীকৃতি দিয়েছেন যে স্বাস্থ্যসেবার অধিকার সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে মৌলিক মানবাধিকারের একটি অংশ।




