স্ত্রী হত্যায় গ্রেপ্তার সোহেলের ২ দিনের রিমান্ড

আদালত থেকে সোহেল রানাকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা- আগামীর সময়
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে এক নারী দন্তচিকিৎসককে খুনের মামলায় গ্রেপ্তার স্বামী সোহেল রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। পরে আদালত থেকে তাকে বের করা হলে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি উল্লেখ করেন, ‘আমার স্ত্রী হত্যার সঠিক বিচার চাই। আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না।’
এদিন কারাগার থেকে আসামি সোহেলকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে আইনজীবী শাহাবুদ্দিন শেখ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে প্রার্থণা করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার সোহেল রানাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই হাবিবুর রহমান। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।
মামলায় বিবরণে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে সোহেল রানা পিনুকে একা বাসায় রেখে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যায়। কেউ আনতে না যাওয়ায় বিকালে মেয়ে ওয়ামী বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ঘরের দরজা খোলা, তবে চাপানো। ওয়ামী দেখতে পায় তার মা খাটের উপর চিৎ হয়ে শুয়ে আছেন। তার মুখের ওপর বালিশ রাখা। মাকে ডাকাডাকি করে সে। কোনো শব্দ না পেয়ে মুখের ওপর থেকে বালিশ সরিয়ে দেয়। মায়ের হাত-পা ঠান্ডা ও শ্বাস বন্ধ আছে বুঝতে পেরে বাসা থেকে স্কুলে যায়। প্রিন্সিপালের মোবাইল ফোন থেকে তার বাবাকে ঘটনা জানায়।
এ ঘটনায় নিহতের বোন সারাহ সুলতানা পলি বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়। পরবর্তীতে সন্দিগ্ধ আসামি হিসেবে তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।






