বাউনিয়া বস্তিবাসীদের জন্য ৫৩৩ ফ্ল্যাট নির্মাণে আইনি বাধা কাটল

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর পল্লবী থানার বাউনিয়া এলাকার বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আইনি বাধা দূর হয়েছে। এই প্রকল্পের জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে অধিগ্রহণ করা জমিতে সীমানা নির্ধারণ ও প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হলো।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাউনিয়া মৌজায় সরকারের অধিগ্রহণ করা ৮ দশমিক ২০ একর জমিতে বস্তিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা ওই জমির প্রকৃত পরিমাণ ও সীমানা নির্ধারণ করতে গত ১৭ মে জেলা প্রশাসকের পক্ষ থেকে পৃথকভাবে জমি পরিমাপের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ নেয়।
সরকারের এই উদ্যোগকে চ্যালেঞ্জ করে বাবু ওরফে শেখ মো. মহিউদ্দিন মানিক হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি নিয়ে গত ২০ মে হাইকোর্টের একটি বেঞ্চ সংশ্লিষ্ট জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছিলেন।
পরবর্তী সময়ে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় প্রকল্পের জমি পরিমাপে আর কোনো বাধা থাকল না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজা মোহাম্মদ সাদিক। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।



