ছাগলকাণ্ডে আলোচিত মতিউর বললেন, ‘সব নিউজ ফেক’

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। ফাইল ছবি
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। তার দাবি, তার বিরুদ্ধে হওয়া সব নিউজই মিথ্যা।
আজ সোমবার দুদকের মামলায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার বিরুদ্ধে যত নিউজ হয়েছে, শতভাগ ফেক। প্রমাণ চাইলে শতভাগ প্রমাণ দিতে পারব। আমার আইনজীবীর কাছে সব প্রমাণ আছে।’
এদিন প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এই মামলার অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে উল্লেখ করে বিচারককে অবগত করা হয়।
পরে বিষয়টি আমলে নিয়ে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১ নভেম্বর দিন ধার্য করেন।
এর আগে গত ৫ জুলাই অভিযোগ গঠন শুনানি শেষ হয়। পরে গত ৩ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়। মামলার পর ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র অনুমোদন দেয় দুদক।
এতে উল্লেখ করা হয়, মো. মতিউর রহমানের দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।



