হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রীকে

শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে নেওয়া হয়। ছবি: আগামীর সময়
রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ হাওলাদার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
এর আগে সকালে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশি পাহারায় তাকে কাঠগড়ায় তোলা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক জাকির হোসেন জানান, মামলায় জড়িত থাকার অভিযোগে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার শ্যামলীর একটি হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরদিন যাত্রাবাড়ী থানার ইমরান হোসেন হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় গত ১৯ আগস্ট পারভেজ হাওলাদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। সেদিন আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, পারভেজ হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ছাত্র-জনতার সঙ্গে যাত্রাবাড়ী মহাসড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন।
এ সময় আন্দোলনকারীদের ওপর হাতবোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিতে পারভেজের মুখের বাঁ পাশে গুলি লাগে এবং তা মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে যাত্রাবাড়ীর সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ১৫ নভেম্বর নিহত পারভেজের মা সেলিনা বেগম মামলা করেন।








