অন্যের পরিচয়ে ৩৮ বছর সরকারি চাকরি— ১৩ বছরের কারাদণ্ড, ফেরত দিতে হবে বেতন-ভাতা

সংগৃহীত ছবি
অন্যের নাম ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বিজিবিতে (বিডিআর) চাকুরি করার অপরাধে দুদকের মামলায় সাবেক সিপাহী আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন এ তথ্য জানিয়েছেন।
রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে, ছদ্মবেশ ধারণ করে বা অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণা করার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড এবং গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সাথে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হলো।
এছাড়া, প্রতারণার উদ্দেশে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করায় এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে। পাশাপাশি ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকুরীকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে তার সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দুদক জানিয়েছে, আসামির সাজা একটির পর একটি কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১৩ বছর কারাভোগ করতে হবে। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার বিবরণে বলা হয়েছে, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি।
অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন। অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম-পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।
দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরের সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়। নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্ম তারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়। এ ছাড়া নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।
অনুসন্ধানে আরও উঠে আসে, ১৯৮৪ সালের ১০ জানুয়ারি করা তার বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মন্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম জানান, তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।
সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের দেওয়া তথ্যেও জালিয়াতির বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান জানান, কোনাগাতী গ্রামের জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে বিডিআরে চাকরির জন্য নির্বাচিত হলেও তিনি যোগদান করেননি। এমনকি ওই ব্যক্তি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ওই গ্রামে বসবাসও করেননি। জাহাঙ্গীর আলম নিজেও দুদকের কাছে একই তথ্য দেন এবং তার পরিচয় ব্যবহার করে আকবর আলীর চাকরি নেওয়ার বিষয়টি জানান।
অনুসন্ধানে এসব তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আকবর আলীর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন ।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন আকবর আলী। তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন সাধন চন্দ্র সূত্র। গত বছরের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।



