ঢাকার আদালতে ককটেল বিস্ফোরণ, আসামি রিমান্ডে

ফাইল ছবি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দেলোয়ার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এ সময় বিচারক দেলোয়ারের কাছে আদালতে আসার কারণ জানতে চান। জবাবে তিনি জানান, জমিসংক্রান্ত একটি মামলায় সিএমএম আদালতের ৯ নম্বর আদালতে এসেছিলেন। ককটেল বিস্ফোরণের সময় তিনি এজলাসের ভেতরে বসে ছিলেন। বিস্ফোরণের পর সৃষ্ট পরিস্থিতিতে নিজের মোবাইল ফোনটি কাকে দিয়েছিলেন, তা ঠিক মনে করতে পারছেন না বলেও আদালতকে জানান তিনি। তবে মানিব্যাগটি আইনজীবী মশিউর আহমেদ মিশুকে দিয়েছিলেন বলে উল্লেখ করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনে পাকা সড়কে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা আইনজীবী হৃদয় মিয়া আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই আদালত ভবনের ৯ নম্বর আদালতের সামনে উপস্থিত লোকজন দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশবিশেষ, লাল এসকস্টেপ, পেরেক ও কাচের টুকরাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক কে এম আবদুল হক বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।




