আদালত থেকে স্বামীর মামলার নথি চুরি, স্ত্রীর স্বীকারোক্তি

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্বামীর নামে থাকা অস্ত্র মামলার নথি চুরির পর দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্ত্রী জামিলা আক্তার ওরফে অর্পা।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন আলবিরুনী মীর তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই মামলায় গ্রেপ্তার কম্পিউটার অপারেটর আহসান হাবীবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, রিমান্ড চলাকালে আসামি অর্পা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই দেবাশীষ হাওলাদার তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পাশাপাশি আসামি আহসান হাবীবের সাত দিনের রিমান্ড চেয়ে আরেকটি আবেদন করেন। এসময় আহসান হাবীবের আইনজীবী ফয়েজ উল্লাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে প্রার্থণা করেন। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ২১ আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে শ্যামপুর থানার একতা হাউজিং থেকে আনোয়ারুল হক ওরফে রাসেল ওরফে মুরগি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে মুগদা থানার মুড়ি ওয়ালী গলিতে অর্পার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া নথি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার অর্পা তানভীর আহমেদ তনয় ওরফে রাব্বীর স্ত্রী। রাব্বী খিলগাঁও থানার অস্ত্র মামলার আসামি। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। স্বামীর মামলার বিচার বন্ধ করতে মুরগী রাসেলের সহায়তায় ও যোগসাজসে নথি চুরি করেন অর্পা।







