ভারতীয় নাগরিক রবিউল ফের ৪ দিনের রিমান্ডে
আগামীর সময় প্রতিবেদক

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে দ্বিতীয় দফায় রিমান্ডে পেয়েছে পুলিশ।
গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চার দিনের রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে হাজির করা হয়। এরপর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য যাচাই-বাছাই করতে ফের সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।



