সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার : খাদ্যমন্ত্রী

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ রবিবার কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: আগামীর সময়
সরকার চলতি অর্থবছরে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী জানালেন, ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। আমন ধান ৩৫ টাকা কেজি দরে আর আতপ ও সেদ্ধ চাল যথাক্রমে ৪৮ ও ৪৯ টাকায় কেনা হবে।
আজ রবিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান খাদ্যমন্ত্রী।
লক্ষ্যমাত্রার বেশি ধান-চাল সংগ্রহ করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী। বললেন, ‘কৃষক যদি এর চেয়েও বেশি যোগান দিতে পারেন, সেটিও সংগ্রহ করার ব্যবস্থাও রাখা হয়েছে। কৃষকের যেন ক্ষতি না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটি আধুনিক খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। যার মাধ্যমে জনগণের কাছে আমরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং যথেষ্ট পরিমাণে যেন খাদ্য মজুদ থাকে।’
খাদ্যমন্ত্রী জানান, ১৪ নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহ। এই সংগ্রহ চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, ১ ডিসেম্বর শুরু হয়ে আমন চাল সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এফপিএমসির সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।



