ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে বাণিজ্যমন্ত্রীর হুশিয়ারি

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট পরিহার করে যৌক্তিক মূল্যে ডিম বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে যৌক্তিক মুনাফা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তার স্বার্থ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিমের উৎপাদন ও সরবরাহ পর্যালোচনা বিষয়ে ডিম এবং পোলট্রি খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ডিম দেশের সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এ পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর সরাসরি চাপ পড়ে। তাই এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, যাতে সাধারণ ভোক্তাকে অযৌক্তিকভাবে বেশি দাম দিতে হয়।
তিনি জানালেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন এবং যৌক্তিক মুনাফা করবেন— এটি স্বাভাবিক। তবে ব্যবসার নামে অস্বাভাবিক মুনাফা করা, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা সরবরাহ ব্যবস্থায় অযৌক্তিক বাধা সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার সুযোগ নেই। সারা বছরই যাতে ডিমের দাম স্থিতিশীল থাকে, এর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।



