বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক
- কৌশলগত অংশীদারত্ব, সফর বিনিময় ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি কমাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর সদস্যদের পরিচিতি পর্ব এবং প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সদস্যরা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
এ সময় দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করা, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি নিরসনে অধিকতর বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




