৫৫ বছরে দেশের স্টিয়ারিংয়ে বসেছে জালেম-ধোঁকাবাজরা

ফাইল ছবি
স্বাধীনতার পর গত ৫৫ বছরে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জালেম ও ধোঁকাবাজরা বসেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম। তিনি বলছিলেন, ‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না। আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেম, ধোঁকাবাজরা। যাদের ভেতরে নৈতিকতা নেই, আদর্শ নেই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নেই।’
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলছিলেন চরমোনাই পীর। ‘আপনারা এখানে ১৩ দফা দাবি পেশ করেছেন। আমি বলব, ১৩-১৪ দফা লাগবে না, এক দফাই যথেষ্ট। সেই এক দফা দাবি হলো দুর্নীতি বন্ধ করা’— উল্লেখ করে তিনি জানালেন, দেশের বড় একটি অংশের অর্থ দুর্নীতির মাধ্যমে পাচার হচ্ছে বিদেশে। দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে শুধু শিক্ষকদের জাতীয়করণ নয়, সম্ভব আরও অনেক কিছু করা।
ইসলামী আন্দোলনের আমিরের ভাষ্য, দেশের উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন রয়েছে নৈতিকতা ও আদর্শের।
অনুষ্ঠানে দলের মহাসচিব গাজী আতাউর রহমানের অভিযোগ, ৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা কোথাও হয়নি। বরং অনেক ক্ষেত্রে হয়েছে পরিস্থিতির আরও অবনতি। ‘আমরা দেখছি, সব জায়গায় সেই আগের সিস্টেমই চলছে। বরং কিছু ক্ষেত্রে আরও অবনতি হয়েছে।’
সরকার এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের চেষ্টা করছে। এর মাধ্যমে সর্বক্ষেত্রে দলীয়করণের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে বলেও দাবি এই মহাসচিবের।







