দৃকে শুরু হলো শিক্ষার্থীদের ‘ধীর সাংবাদিকতার’ প্রদর্শনী

সংগৃহীত ছবি
সাংবাদিকতায় গভীর অনুসন্ধান, তথ্য যাচাই ও দায়িত্বশীল সংবাদচর্চার গুরুত্ব তুলে ধরতে রাজধানীর দৃকপাঠ ভবনে শুরু হয়েছে ‘নো ভাইরাল, নো স্পিড: শিক্ষার্থীদের ধীর সাংবাদিকতার উৎসব’ শীর্ষক প্রদর্শনী। মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাংবাদিকতা বিভাগের ৩০ জন শিক্ষার্থীর কাজ স্থান পেয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দৃক জানিয়েছে, দৃকপাঠ ভবনের দ্বিতীয় ও অষ্টম তলায় আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। ১২ দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি কিউরেশন করেছেন এএসএম রেজাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী ড. শহিদুল আলম, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান এবং বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কাজী নাফিয়া রহমান। এ ছাড়াও ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ও স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীন এম. সুমন রহমান এবং সহযোগী অধ্যাপক ও স্নাতকোত্তর প্রোগ্রামের সমন্বয়ক ড. সরকার বারবাক কারমাল। অনুষ্ঠানে অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রধান সারা মোনামী হোসেন এবং সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃকের গবেষক সামিয়া রহমান প্রিমা।
স্বাগত বক্তব্যে ড. শহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের কাজ দেখে তিনি গর্বিত। ভবিষ্যতে যখন গণমাধ্যমশিল্পে যুক্ত হবেন তারা, তখন তাদের কাজের মধ্য দিয়ে ‘স্লো জার্নালিজম’ বা ধীর সাংবাদিকতার দর্শন প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে দৃকের সঙ্গে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও।




