বারডেমের নার্সের লাশ ঢামেকের বাথরুমে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে তন্ময়ী মণ্ডল (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রথমে তার পরিচয় শনাক্ত না করা গেলেও মর্গে এসে মরদেহটি শনাক্ত করেন তার বোন তন্দ্রা মণ্ডল।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের ৪ নম্বর টয়লেট থেকে উদ্ধার করা হয় তন্ময়ীর মরদেহ। এর কয়েক ঘণ্টা আগে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে একটি রক্তমাখা ছুরি পাওয়ার কথাও জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, তন্ময়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আকাশ মিত্র (৩৬) নামে এক ব্যক্তির। গত রবিবার দক্ষিণ কেরানীগঞ্জের বাসা থেকে আকাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মরদেহ ঢামেক হাসপাতালে আনা হলে তা দেখতে সেখানে যান তন্ময়ী। পরে হাসপাতালের নিচতলার একটি বাথরুমে গিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তন্ময়ী বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৃত বিভূতি মণ্ডলের ছোট মেয়ে। অন্যদিকে আকাশ মিত্র পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাখন চন্দ্র মিত্রের ছেলে। তিনি হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের মালোপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত রবিবার বিকাল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাসা থেকে আকাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি দেনার দায় সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা লিখে একটি ডায়েরি রেখে যান। বলে জানা গেছে।



