তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

সংগৃহীত ছবি
রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান ওসমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তুরাগ থানা সূত্র জানায়, আজ দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
সোলেমানের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানা এলাকায় আওয়ামী লীগের সরকারবিরোধী ও মশাল মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় সর্বমোট পাঁচটি মামলা রয়েছে।
সোলেমানের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।




