যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ লাখ টাকা মূল্যের জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।
গ্রেপ্তাররা হলেন- রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।
আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যাত্রাবাড়ীর কাজলারপাড় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৩৫ লাখ টাকা মূল্যের মোট ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিল।



