পরিমাপে কারচুপি, তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা

সংগৃহীত ছবি
জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও গ্রাহকদের ঠকানোর অপরাধে রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ত্রুটিপূর্ণ চারটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিএসটিআইয়ের পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মহাখালীর ৬৩, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করে।
অভিযান সূত্র জানায়, তশোফা ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিটগুলো পরীক্ষার সময় মারাত্মক কারচুপি ধরা পড়ে। প্রতিষ্ঠানটির একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার অকটেনে ১২০ মিলিমিটার তেল কম দেওয়া হচ্ছিল। এ ছাড়া ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মিলিমিটার, ২২০ মিলিমিটার এবং ১৯০ মিলিমিটার করে ডিজেল কম পাওয়া যায়।
এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিযুক্ত চারটি ইউনিটই তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের মেট্রোলজি বিভাগের পরীক্ষক আহসান হাবীব খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও জ্বালানি খাতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।




