নারীর জন্য সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান
- উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে ইউআইইউতে সেমিনার

নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) বিষয়ে সেমিনার করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের অংশ হিসেবে করা হয় এ আয়োজন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. আফিফা রাইহানা। তিনি জানালেন, পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, ইএসজি রিপোর্টিং, টেকসই অর্থায়ন এবং জলবায়ু ঝুঁকি মূল্যায়নের মতো ক্ষেত্রে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। মূল বক্তব্যের পর হয় প্যানেল আলোচনা। এতে অংশ নেন স্বাস্থ্যসেবা, নির্মাণ ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা।
তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, ফ্রান্সভিত্তিক মেনার্ড গ্রুপের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ফাহিমা শাহাদাত, স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ, নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক ও মডারেটর অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ।






