বনানীতে গ্যাসের আগুনে দগ্ধ ফিলিপিনো নারীর মৃত্যু

সংগৃহীত ছবি
রাজধানীর বনানীতে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে কেইস্টিন ভার বুনাগ নামের এক ফিলিপাইনের নাগরিক মারা গেছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৩টা ২০ মিনিটে মারা যান তিনি।
মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ১৫ অক্টোবর টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন কেইস্টিন বুনাগ। তিনি বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার একটি ফ্ল্যাটে ওঠেন। দুই মাসের জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি।
বনানীর ওই বাড়িটির ব্যবস্থাপক আলামিন জানান, গত ২৮ অক্টোবর সকাল ৮টার দিকে বাসায় চুলা জ্বালানোর সময় দগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কন্টিনেন্টাল হাসপাতাল ও পরে সেখান থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নাকাসিমা ফুমিয়াকি জানান, নিহত কেইস্টিন বুনাগের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা দুজনে গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে বনানীর বাসাটিতে ওঠেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানিয়েছেন, বনানীতে দগ্ধ হয়ে এক ফিলিপাইনের নাগরিক এক নারী জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় বার্নের মর্গে রাখা হয়েছে।



