নয়াপল্টনে সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর নয়াপল্টনে সড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিজান হাওলাদার (২৪) পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামের মফিজ হাওলাদার এর ছেলে।
পল্টন থানার এসআই মো. জাহিদ হাসান নিরব জানিয়েছেন, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে নয়াপল্টন গাজী শপিং কমপ্লেক্সের সামনে রাস্তায় পড়েছিল মিজানের মরদেহ।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এসআই জাহিদের ধারণা, ভোরে কোনো ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মিজান। ওই সময় বেপরোয়া গতিতে ট্রাক চলে এ সড়কে।
পুলিশের এ কর্মকর্তা জানান, নিহত যুবককে আশপাশের লোকজন কেউ চিনতে পারেননি। পরে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।



