ক্যাশবাক্সে ইয়াবা-শপিং ব্যাগে গাঁজা, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ৬

লোগো
দোকানের ক্যাশবাক্সের ড্রয়ারে রাখা ইয়াবা। কারও পকেটে, কারও লুঙ্গির কোচরে লুকানো মাদক। আবার শপিং ব্যাগেও মিলেছে গাঁজা ও ইয়াবা। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে এমন চিত্র পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। খিলগাঁও, যাত্রাবাড়ী, মতিঝিল ও সবুজবাগে পৃথক চারটি অভিযান চালিয়ে ৩ হাজার ১০টি ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপপরিচালক আনোয়ার হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতভর এসব অভিযান চালানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় চারটি নিয়মিত মামলা হয়েছে।
অভিযানে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি দোকান থেকে। ৬১৯ দক্ষিণ গোড়ান মদিনা সড়কের কাজী স্টোরে অভিযান চালিয়ে দোকানটির মালিক কাজী ছানা উল্লাহকে (৩৮) গ্রেপ্তার করেন ডিএনসির কর্মকর্তারা।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালানো হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে দোকান ও ছানা উল্লাহর দেহ তল্লাশি করা হয়। এ সময় ক্যাশবাক্সের ওপরের ড্রয়ারে রাখা একটি সিনথেটিক ব্যাগ থেকে ২ হাজার ৯০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি বলছে, ছানা উল্লাহ দীর্ঘদিন ধরে নিজে ও সহযোগীদের মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম চলছে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে।
যাত্রাবাড়ী মাছের আড়তের আলী মার্কেটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসির কর্মকর্তারা জানিয়েছেন, তার ট্রাউজারের পকেটে থাকা একটি স্বচ্ছ জিপারযুক্ত প্যাকেট থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
মতিঝিলের আরামবাগ ক্লাব মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- লাভলু রহমান (৪৫), গিয়াস উদ্দিন (৪০) ও মো. হানিফ (৪২)।
ডিএনসি জানায়, আল ফালাক ডিপার্টমেন্টাল স্টোরের সামনে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় লাভলুর প্যান্টের পকেট থেকে ২০টি, গিয়াসের লুঙ্গির কোচর থেকে ২০টি এবং হানিফের প্যান্টের পকেট থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায় মেসার্স ফাহিম বাণিজ্যালয়ের সামনে অভিযান চালিয়ে হনুফা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগে তল্লাশি করে ১২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



